ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। ৯ মে’ তথা ২৫শে বৈশাখ- এই দিনটিকে শপথের দিন হিসেবে নির্বাচন করা হয় এই কারণেই যে আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ভারতে আজ পালিত হয় ২৫শে বৈশাখ।
শুভেন্দুকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যের রাজ্যপাল আর এন রবি। প্রসঙ্গত, ভারতে যে কোনও রাজ্যের রাজ্যপাল একজন মুখ্যমন্ত্রীকে মূলত দু’টি ভিন্ন শপথবাক্য পাঠ করান। প্রথমটি হচ্ছে পদের শপথ (Oath of Office) এবং দ্বিতীয়টি গোপনীয়তার শপথ (Oath of Secrecy)।
শপথ গ্রহণের দিন গেরুয়া বসনে মঞ্চে দেখা যায় শুভেন্দু অধিকারীকে।
এদিন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রমানিক, অশোক কীর্তনিয়া এই ৫ জন পরপর মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন।
আজকের পবিত্র দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিও বর্তমানে পশ্চিমবঙ্গে আছেন।
আজ ব্রিগেডে সভায় উপস্থিত ছিলেন ভারতের শীর্ষস্থানীয় নেতারা। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ছিলেন।
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
