ঢাকা: স্বাধীনতা ও একুশে পদক পাওয়া নাট্যজন আতাউর রহমান আর নেই।
সোমবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডিতে পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, রাত সাড়ে ১২টার দিকে আতাউর রহমান পপুলার হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে আসছেন সংস্কৃতি কর্মীরা।
গুরুতর অসুস্থ হলে রহমানকে গত শুক্রবার এ হাসপাতালে আনা হয়। পরে নেওয়া হয় লাইফ সাপোর্টে।
বাংলা নাট্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন আতাউর রহমান।
আতাউর রহমান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দলের সংস্কৃতি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান ছিলেন।
আতাউর রহমানের নির্দেশিত মঞ্চনাটকের মধ্যে উল্লেখযোগ্য হল- দ্বিজেন্দ্রলাল রায় রচিত শাজাহান, স্যামুয়েল বেকেট রচিত ওয়েটিং ফর গোডো, আরভিন শ রচিত বিউরি দ্য ডেড, বার্থল্ড ব্রেচট রচিত গ্যালিলিও, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রক্তকরবী।
তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত।
তিনি স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, শহীদ মুনীর চৌধুরী পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
অভিনয়শিল্পী সংঘ থেকে জানানো হয়, আতাউর রহমানের মরদেহ আজ, মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত শহীদ বেদিতে রাখা হবে।
মগবাজারের ইস্পাহানী সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে খোলামাঠে বাদ জোহর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এবং সবশেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
