ঢাকা: অসুস্থ দেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পু।
যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলার সময়েই রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হয়।
এরপর জরুরিভিত্তিতে সফলভাবেই এনজিওপ্লাস্টি ও স্টেন্ট ( রিং) স্থাপন করা হয়েছে। তবে বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সন্তোষজনক রয়েছে। তাঁর তেমন কোনো সমস্যা নেই এখন।
মঙ্গলবার, ১২ মে রাতে বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়েছে এই তথ্য।
যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হকের বরাত দিয়ে প্রেস উইং জানিয়েছে, মঙ্গলবার (১২ মে) দুপুরে দেশটির ক্যামব্রিজে অবস্থিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়।
পরীক্ষার সময় হৃদযন্ত্রের একটি ধমনীতে একটি ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়।
বর্তমানে মহামান্য রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে রয়েছেন।
উল্লেখযোগ্য যে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপ চিকিৎসার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু যুক্তরাজ্যের লন্ডনে গিয়েছেন।
শনিবার (৯ মে) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।
