ঢাকা: বেড়েছে ডিমের দাম, চড়া সবজির বাজারও। রাজধানীর বাজারে আরও বেড়েছে সবজির দাম। বেশিরভাগ সবজিই এখন উচ্চ দামে বিক্রি হচ্ছে। ঊর্ধ্বমুখী হয়ে গেছে ডিমের দামও।
বাজারের এই চড়া দর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের এক বড় সংগ্রাম। যখন প্রতিটি সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার কোঠায় পৌঁছায়, তখন থলে হাতে বাজারে যাওয়াটা কেবল কেনাকাটা নয়, বরং এক ধরনের মানসিক যুদ্ধের মতো হয়ে দাঁড়ায়।
যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, তাঁদের কাছে এই সংখ্যাগুলো শুধু দাম নয়, এগুলো ডাল-ভাতের স্বপ্নে এক একটা আঘাত।
রাজধানীর বাজারে সবজির দাম আরো বেড়েছে। সেই সঙ্গে অস্থির ডিমের বাজার।
ফলে বাজার করতে গিয়ে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
শুক্রবার রাজধানীর বিভিন্ন সবজির বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন (লম্বা) ১০০ টাকায় বিক্রি হচ্ছে, গোল বেগুন প্রতি কেজি ১২০ টাকা, শসা প্রতি কেজি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, বরবটি প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ৮০ টাকা, এমনকি কচুর লতিও প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এই সপ্তাহে ফার্মের মুরগির ডিম ডজনপ্রতি দাম ২০ থেকে ৩০ টাকা বেড়ে ১৫০ টাকায় ঠেকেছে। এলাকাভেদে কোথাও কোথাও ১৫৫ টাকায়ও বিক্রি হচ্ছে।
বিক্রেতারা যে যার মতো করে দাম বাড়িয়ে বিক্রি করছে। কেউ দেখার নেই। সবজির বাজারে কোনো মনিটরিং নেই।
