শরীয়তপুর: দেশে চিকিৎসকের ওপর নির্লজ্জভাবে মব করে আহত করা হয়েছে।

ঘটনা শরীয়তপুর সদর হাসপাতালে। হৃদরোগে আক্রান্ত এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

হামলায় গুরুতর আহত হয়েছেন চিকিৎসক ডা. নাসির ইসলাম। তাঁকে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। মবের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) গভীর রাতে শরীয়তপুর সদর হাসপাতালে এই নির্মম ঘটনাটি ঘটে। মবের ভয়াবহ দৃশ্য হাসপাতালের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।

ফুটেজে দেখা যায়, একদল মব সৃষ্টিকারী চিকিৎসককে কক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে প্রথমে কিল-ঘুষি, লাঠি দিয়ে পেটাতে থাকে। এরপর চিকিৎসককে হাসপাতালের বাইরে নিয়েও মারধর করা হয়।

জানা গেছে, শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাসখান এলাকার লাল মিয়া কাজী হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাত ১০টার দিকে সদর হাসপাতালে ভর্তি হন। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৪০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

এরপরেই এই অজুহাতে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে অভিযোগ তুলে রাত ১টায় রোগীর স্বজন, বহিরাগতরা মিলে প্রায় ৭০ থেকে ৮০ জনের একটি দল কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর হামলা চালায়।

ঘটনা থেকে চিকিৎসককে রক্ষা করতে গিয়ে হাসপাতালের অফিস সহায়ক এসকেন্দার শেখ (৫৮), আনসার গার্ড কমান্ডার এপিসি আব্বাস আলী (৪৬), আনসার সদস্য সোহেল সরদার (২৫), কামরুল (৩০), আজিজুল হক (২৬) এবং কাউসার (২৮) আহত হন। তাঁরা বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত চিকিৎসকের বড় ভাই নজরুল ইসলাম বলেন, ‘আমার ভাই ৪৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে মাত্র তিন মাস আগে চিকিৎসাসেবায় যোগ দিয়েছে। ও সব সময় মানুষের সেবা করার কথা জানিয়েছে। মানুষকে সেবা দিতে গিয়ে কেউ ভুল বুঝে যদি এমন হামলা চালায় এটি ন্যক্কারজনক। তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। একজন চিকিৎসক যদি হাসপাতালে নিরাপদ না থাকেন, তাহলে তারা কীভাবে চিকিৎসা সেবা দেবেন? আমরা এই ঘটনায় দোষীদের বিচার চাই।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *