বান্দরবান: বান্দরবানের বাঘমারা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে স্বপ্নগুলো পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনে ৫০টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই ধ্বংসে অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

শনিবার (১৭ মে)ভোর রাত সাড়ে তিনটার দিকে জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, গভীর রাতে হঠাৎ করেই বাজারে আগুন চোখে পড়ে স্থানীয়দের। পরে স্থানীয় মসজিদের মাইকের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

খবর পেয়েই তাৎক্ষণিকভাবে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে৷ কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাজারে দোকান ও বসতঘরসহ ৫০টি পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে বাজারের অর্ধশতাধিক দোকান ও বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। এতবড় আগুন এই রাতে কীভাবে লাগলো তা জানা যায়নি।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের পশ্চিম পাশের একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। বিভিন্ন দোকান ও ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের কারণে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে। এতে বাজারের অধিকাংশ দোকান ও বসতঘর পুড়ে যায়।

ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে কয়েক কোটির টাকা ক্ষয়ক্ষতির হয়েছে।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৪টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে দুর্গমতার কারণে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছে। তদন্ত মাধ্যমে বিস্তারিত পরে জানা যাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *