ঢাকা: কানের দুল চুরি গেছে, সাথে কান ছিঁড়ে রেখে গেছে। রক্তাক্ত কানে লেগেছে ৭টি সেলাই। এমন পরিস্থিতি হয়েছে দেশের। চুরি, ছিনতাই, মব, হিন্দু হত্যা, শিশু হত্যা, ধর্ষণ এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সরকার নীরব। চোখ থাকিতে অন্ধ।
এক সময়ের রূপালি পর্দার নায়িকা রঞ্জিতা ভয়াবহ ছিনতাইকারীর কবলে পড়েন।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন তিনি।
ছিনতাইকারীরা কানের দুল ধরে টান দেয়ায় তার কান ছিঁড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কানে সাতটি সেলাই লাগে।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে রামপুরা বাজার এলাকায় বাড়ি ফেরার সময় এই ঘটনা ঘটে।
অভিনেত্রী এক ভিডিও বার্তায় বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচন আমাদের কাছে সব সময় উৎসবমুখর। সেটা দেখার জন্য আমি এফডিসিতে গিয়েছিলাম। রাতের দিকে বাসার ফেরার সময় হঠাৎ কেউ আমাকে অনুসরণ করছিল। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। কিছু বুঝে ওঠার আগেই তারা আমার দুল ধরে টান দেয়। পরে দেখি রক্ত ঝরছে, কান ছিঁড়ে গেছে।’
ঘটনার পর ভয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। পরে আশপাশের মানুষের সাহায্যে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রামপুরার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনাগুলো হয় হামেশা ঘটছে। মানুষ রীতিমতো আতঙ্কিত। মানুষ ভেবেছিলো নির্বাচিত সরকার এসেছে, হয়তো পরিস্থিতি ভালো হবে। কিন্তু কোথায় কী?
উল্লেখযোগ্য যে, আশির দশকের শেষ দিকে রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে রঞ্জিতার। প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়েন তিনি।
পরে ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বীনের বাদশা’সহ প্রায় ৩০টি সিনেমায় অভিনয় করেছেন। ২০০৫ সালের পর থেকে তাঁকে আর চলচ্চিত্রে দেখা যায়নি।
তাঁর শরীরও খুব একটা ভালো নয় বর্তমানে।ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকায় চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।
বর্তমানে ঢাকার বনশ্রী এলাকায় বসবাস করেন এই অভিনেত্রী।
