সাতক্ষীরা: সাতক্ষীরায় বজ্রপাতে মারা গেলেন এক আইনজীবী। কামরুন নাহার (৫০) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে।
সোমবার রাত আটটার দিকে শহরের রাজারবাগান এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
কামরুন নাহার সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার বাসিন্দা ও সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী ছিলেন। তিনি ক্রিকেট প্রশিক্ষক একরামুল ইসলামের স্ত্রী।
আমবাগানে দাঁড়িয়ে ছিলেন তিনি। সেখানে যে আচমকা এমন ঘটনা ঘটবে তা কে জানতো?
কামরুন নাহারের ভগ্নিপতি আইনজীবী ফাহিমুল ইসলাম বলেন, গতকাল রাত আটটার দিকে বাড়ির সামনে একটি আমবাগানে দাঁড়িয়ে ছিলেন কামরুন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
