চট্টগ্রাম: মায়ের চারটি সন্তান যে এইভাবে মারা যাবে তা কে জানতো? মর্মান্তিক মৃত্যু হয়েছে চার ভাইয়ের। এমনো মৃত্যু বুঝি লেখা থাকে মানুষের কপালে!?

ওমানে গাড়ির ভেতরে মারা গিয়েছেন চার ভাই।

তাঁদের মা খাদিজা বেগম, বয়সের ভার ও রোগে বেশ কাবু তিনি। স্বামীহীন সংসারের ঘানি টানতে টানতে ক্লান্ত বটে।

মারা যাওয়া চার ছেলেসহ পাঁচ ছেলেকে ছোট রেখেই মারা যান তাঁদের বাবা জামাল উদ্দিন। অনেক কষ্ট করে ছেলেদের বড় করে বিদেশে পাঠান মা খাদিজা।

ছেলেরা টাকাপয়সা উপার্জন করে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নে জায়গা কিনে পাকা বাড়ি করেন।

মারা যাওয়া চারজনের মধ্যে ছোট দুই ভাইয়ের বিয়ের কথাও হচ্ছিল সম্প্রতি। ১৫ মে ছোট দুই ভাইয়ের দেশের আসার কথা ছিল। কিন্তু ১৩ মে ওমানে ঘটে যায় নজিরবিহীন দুর্ঘটনা। একসঙ্গে চার ভাই মারা গেলেন।

নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের লাশ অবশেষে নিজের বাড়িতে পৌঁছেছে। তবে যে ফেরার অপেক্ষায় ছিলেন স্বজনরা, তা হলো নিথর দেহে। একসঙ্গে চার ভাইকে হারিয়ে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের মাতম।

মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার দিকে লাশগুলো দেশে পৌঁছায়। বিমানবন্দরে উপস্থিত থেকে সেগুলো গ্রহণ করেন হুমাম কাদের চৌধুরী এমপি।

রাতেই লাশগুলো গ্রামের বাড়িতে নেওয়া হয়।

একসঙ্গে চার ভাইয়ের জন্য চার কবর প্রস্তুত। এই দৃশ্য চোখে দেখার মতো নয় ।

নিহত চার ভাইয়ের জানাজা আজ (বুধবার) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি চার কবরে তাদের দাফন সম্পন্ন করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *