চট্টগ্রাম: চট্টগ্রাম আইনজীবী সমিতির ‘একতরফা’ নির্বাচনে বিএনপিপন্থীদের জয় হলো। একতরফাতে জয় হবে এটাই স্বাভাবিক। ফাঁকা মাঠে গোল দেয়া যাকে বলে।

এই নিয়ে তুমুল আলোচনা, তর্ক বিতর্ক চলছে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনকে ঘিরে নানা উত্তেজনা ও বিতর্কের মধ্যে শেষ হয়েছে ভোটগ্রহণ।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণে বাধা এবং সেইসাথে জামায়াতপন্থী আইনজীবীদের নির্বাচন বর্জনের ঘোষণার পর শুধুমাত্র বিএনপিপন্থী আইনজীবীদের অংশগ্রহণেই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে না পেরে প্রতিবাদী গান গেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীরা।

বৃহস্পতিবার দুপুরের দিকে আদালত ভবনের আইনজীবী শাপলা ভবনের প্রবেশমুখে বসে তাঁরা এই কর্মসূচি পালন করেন। পাশেই জেলা আইনজীবী সমিতির ভবনে চলছিল ভোট গ্রহণ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। সেখানে দেখা যায়, আইনজীবীদের একটি দল সিঁড়িতে বসে ‘ভোট ডাকাত, ভোট চোর, কিছুই রবে না/ ভোট চোরেরা ভেসে যাবে বঙ্গোপসাগরে’—এমন গান পরিবেশন করছেন।

এ ছাড়াও আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীরা।

তাঁদের অভিযোগ, নির্বাচনপ্রক্রিয়া একতরফাভাবে পরিচালনা করা হচ্ছে। বিক্ষোভে অংশ নেওয়া আইনজীবীরা ‘ভুয়া নির্বাচন’ ও ‘অটো নির্বাচন’ স্লোগান দেন এবং নির্বাচন কমিশনের পদক্ষেপের প্রতিবাদ জানান।

সবশেষ ভোটগ্রহণ চলাকালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে আইনজীবী অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত আইনজীবী ঐক্য ফোরাম নিরঙ্কুশ জয় পেয়েছে।

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদের মধ্যে অধিকাংশ পদে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে পূর্ণ প্যানেলে জয় নিশ্চিত করে।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তারিক আহমদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মঈনুদ্দীন।

এছাড়াও সিনিয়র সহসভাপতি, সহসাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, পাঠাগার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়ী হন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *