ঢাকা: কোরবানির ঈদ সামনে। গরুর নাম রাখা নিয়ে একটা চল এসেছে। মানুষজন ভিড় করে নতুন নতুন নামের গরু দেখতে।
ঈদকে সামনে রেখে বড় গরু কেনা নিয়ে মানুষের মাঝে বেশ আগ্রহ দেখা দিয়েছে। এবার বাজার কাঁপাবে বাংলার ডন। নামটা বেশ মাস্তান মার্কা।
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ‘বাংলার ডন’ নামের ৩৩ মণ ওজনের ফ্রিজিয়ান জাতের বিশালাকৃতির একটি গরু।
প্রতিদিন খামারে দূর-দূরান্ত থেকে মানুষজন এসে ভিড় করছেন গরুটি দেখতে। ছবি, ভিডিও করছেন অনেকে।
কোরবানির হাটে তোলার আগেই ‘বাংলার ডন’ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
অনেক যত্ন করে লালন পালন করা হয়েছে ডনকে।
জেলার নালিতাবাড়ী উপজেলার কাপাশিয়া পশ্চিমপাড়া এলাকার ‘আলিফ-লাম এগ্রো ফার্ম’ এ ৩ বছর ধরে খাইয়ে দাইয়ে মোটাতাজা করা হচ্ছে ‘বাংলার ডন’কে কোরবানির জন্য।
খামার কর্তৃপক্ষ জানায়, নারায়ণগঞ্জ জেলার ব্যবসায়ী মো. শাহজাহান আলীর মালিকানাধীন ফ্রিজিয়ান জাতের এই গরুটির ওজন প্রায় ৩৩ মণ। দৈর্ঘ্য ১১ ফুট এবং উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি।
খাবারের পরিমাণ জানেন?
প্রতিদিন প্রায় ৮০ কেজি ঘাস ও খড় খাওয়ানো হয় তাকে। এবং দিতে হয় প্রায় ২০ কেজি খৈল, ভুসি ও ভুট্টার গুঁড়া। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করা হয় তাঁকে।
এটি প্রতি কেজি হিসেবে বিক্রি করলেও এর দাম প্রায় ১৫ লাখ টাকা হতে পারে।
