ঢাকা: আগামি এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের সর্বসাধারণ।
‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল বর্ষ উদযাপনের ঘোষণা দেন।
শনিবার (২৩ মে) প্রধানমন্ত্রী বলেন, ‘কবি নজরুলের জীবন এবং কর্ম বিশ্বসাহিত্য দরবারে আরও বেশি ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তার জীবনবোধ, দর্শন প্রজন্মের পর প্রজন্মে পৌঁছে দিতে হবে। এরই অংশ হিসেবে আমাদের জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশালকে নজরুল সিটি হিসেবে ঘোষণা করা যায় কি না, এ ব্যাপারে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমি সংস্কৃতি মন্ত্রণালয় এবং পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানাই।’
নজরুল বর্ষ উপলক্ষে সারা বছর ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানানো হয়।
নজরুল বর্ষ ঘোষণার পর এই আয়োজনের পরিধি ও সময়সীমা সম্পর্কে জানতে চাইলে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করা হবে, যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও শিল্পকর্মকে বিশেষভাবে তুলে ধরা হবে।
তিনি আরো জানান, সংস্কৃতি মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, গবেষক, নজরুল শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বয়ে আগামি বছরের জুন পর্যন্ত এই কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করছে। ঈদের পরপরই বিস্তারিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করে দ্রুত বাস্তবায়নে যাওয়া হবে।
