ঢাকা: জাতীয় সংসদ ভবন থেকেই বিপুল পরিমাণ কপার বার উধাও হয়ে গেলো।
চুরি হতে হতে এখন সংসদ ভবনেও হাত!? এগুলো দেশের গর্ব?
রাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোর একটি হচ্ছে জাতীয় সংসদ ভবন। সেই সংসদ ভবনের স্টোররুম থেকেই হাওয়া হয়ে গেলো ১ হাজার ৩৪৩টি কপার বাসবার।
সরকারি হিসাবে যার মূল্য ২ থেকে আড়াই কোটি টাকা। কিন্তু এ বিপুল পরিমাণ ভারী ধাতব সরঞ্জাম কীভাবে গায়েব হলো?
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও জানেন না কীভাবে গায়েব হয়ে গেলো! কেউ বলছেন স্টোরে ছিল, কেউ বলছেন বুঝে পাননি, আবার কেউ দায় চাপাচ্ছেন অধস্তন কর্মকর্তার ওপর। অথচ কাগজে-কলমে সব ঠিকঠাক।
স্টোররুম থেকে ১ হাজার ৩৪৩টি কপার বার বা বাসবার উধাও হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। তামা চুরির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
বিপুল পরিমাণ তামা উধাও হওয়ার ঘটনাটি নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার বড় ধরনের ঘাটতি হিসেবে দেখা হচ্ছে।
সংসদ ভবনের নবম তলায় বিদ্যুৎ সাব-স্টেশন উন্নয়ন প্রকল্পের কাজ শেষে পুরোনো কপার বার স্টোরে জমা দেওয়ার কথা থাকলেও বাস্তবে সেগুলোর অস্তিত্ব পাওয়া যাচ্ছে না বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
একই প্রকল্পে একাধিক সার্ভে রিপোর্ট তৈরি হলেও সেখানে স্বাক্ষর, তারিখ, তথ্যের যথেষ্ট অসংগতি পাওয়া গেছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রকল্পের কাজ শেষ দেখিয়ে বিল উত্তোলনের পরেও স্টোরে মালপত্রের হিসাব ঠিকঠাকভাবে মিলছে না। কোথাও ব্যবহৃত পুরোনো উপকরণ ফের ব্যবহারের তথ্য পাওয়া গেলেও কতটা কাজ সম্পন্ন হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
এর পাশাপাশি স্টোররুম ব্যবস্থাপনা, নিরাপত্তা, নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে। গুরুত্বপূর্ণ স্থাপনায় থাকা স্টোরে কীভাবে বিপুল পরিমাণ ধাতব উপকরণ অনিয়মিতভাবে অনুপস্থিত হলো, তা নিয়ে বিভিন্ন মহলে তদন্তের দাবি জোরদার হচ্ছে।
