রাঙামাটি: বড় মর্মান্তিক ঘটনা ঘটলো সাজেক ইউনিয়নে। তিন মাসের একটি দুধের শিশু মারা গিয়েছে বজ্রপাতে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুটির মৃত্যু হয়েছে। এবং এই বজ্রপাতে আহত হয়েছেন শিশুটির বাবা-মাসহ একই পরিবারের আরও ছয়জন।
আজ, সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঘাইহাট ডানে বাইবাছড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
বর্ষা আসে, আর প্রতিবছর বজ্রপাতে মৃত্যু ঘটনা ঘটতেই থাকে।
নিহত শিশুর নাম উজ্জ্বল চাকমা (৩ মাস)। বজ্রপাতে শিশুটির বাবা নয়ন চাকমা (২৫) ও মা রেশমি চাকমা (২০) আহত হয়েছেন।
আরো আহত হয়েছেন প্রদীপ চাকমা (৫০), মায়া রানি চাকমা (৪৫), জেরিং চাকমা (১৮) ও নিজুম চাকমা (১৫)।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
ধারণা করা হচ্ছে বজ্রপাতের বিকট শব্দে শিশুটি মারা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বজ্রপাতের সময় পরিবারের সবাই একই বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় আচমকা বজ্রপাতের বিকট শব্দে পুরো ঘর কেঁপে ওঠে।
স্থানীয়রা তাদের সবাইকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপ্পল বাপ্পী চাকমা জানান, বজ্রপাতে আহত ছয়জনকে ভোরের দিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসা শেষে পাঁচজন বাড়ি ফিরে গেছেন। বর্তমানে একজন হাসপাতালে ভর্তি। তবে তিনি আশঙ্কামুক্ত।
তিনি বলেন, ‘নিহত শিশুটি বজ্রপাতের বিকট শব্দে হার্ট অ্যাটাক করে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
