কুমিল্লা: পুরুষ পকেটমার ছিনতাইকারী তো রয়েছেই, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে, আবার কখনো সামনে দিয়েই এইসব অপকর্ম চলছে দেদারসে। এখন তো আবার নারী পকেটমাররাও নিজেদের ব্যবসা করছে।
এবার কুমিল্লার মেঘনায় একটি বাজারে চুরির সময় হাতেনাতে ধরা পড়েছেন দুই নারী পকেটমার। স্থানীয় জনতা নারী পকেটমারকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
সোমবার (২৫ মে) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বিনদপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।
যে দুই নারী পকেটমারকে ধরা হয়েছে তারা: পাশ্ববর্তী তিতাস উপজেলার বৈদ্যেরকান্দি গ্রামের চাঁন মিয়ার মেয়ে শিউলী আক্তার (৩০) এবং হোমনা উপজেলার শফিকুল ইসলামের মেয়ে তাছলিমা আক্তার (৩৪)।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, গোবিন্দপুর ইউনিয়নের বিনদপুর গ্রামের বাসিন্দা হাসনারা বেগম নিত্য প্রয়োজনীয় বাজার করতে মানিকারচর বাজারে আসেন।
ফারুকের ওষুধের দোকানে ওষুধ কিনতে যান। ঠিক ওই সময় দোকানে অতিরিক্ত ভিড়ের সুযোগ নিয়ে শিউলী আক্তার নামের এক নারী ভুক্তভোগী হাসনারার সাইডব্যাগটি হ্যাঁচকা টান দিয়ে নেওয়ার চেষ্টা করেন।
পকেটমারের কবলে পড়েছেন এটা বুঝতে পেরে হাসনারা শিউলীকে ধরে ফেলেন। এ সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম ঘটনাস্থলে পুলিশ ফোর্স নিয়ে পৌঁছে ওই দুই নারীকে গ্রেপ্তার করেন।
দীর্ঘদিন এরা এইসব কাণ্ড করে বেড়াচ্ছে। চোরচক্রের সদস্য এরা।
