ঢাকা: ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এখন চারপাশে উন্মাদনা। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে বিশ্বজুড়ে ভাইরাল হয়ে পড়েছে একেবারে দেখতে ডোনাল্ড ট্রাম্পের মতোই মহিষটি।

লোকজন বলছে, আকার আকৃতি কোনোকিছুতে অমিল পাওয়া যাবে না ট্রাম্পের সাথে।

মহিষটিকে লাল গালিচায় সংবর্ধনা দিয়ে রাজকীয়ভাবে বিদায় দিয়েছেন খামার মালিকপক্ষ।

সোমবার (২৫ মে) বিকেলে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পে’র ক্রেতা মহিষটিকে নিজের বাড়িতে নিয়ে যেতে এলে লাল গালিচায় সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়।

এদিন দুপুরে শহরের পাইকপাড়া ছোট কবরস্থান এলাকায় রাবেয়া অ্যাগ্রো ফার্মের খামারিরা এলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে গোসল করিয়ে বিদায় জানানোর প্রস্তুতি শেষ করেন।

তারপরে ডোনাল্ড ট্রাম্পকে একেবারে রাজকীয় পোশাক পরিয়ে লাল গালিচা বিছিয়ে বিদায় জানানো হয়।

উৎসুক জনতার ভিড় দেখা যায়।মহিষটিকে ঘিরে দুইপাশ থেকে ফুলের পাঁপড়ি ছিটানো হয়।

রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, ‘মহিষ ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে কষ্ট লাগলেও মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে কোরবানি ত্যাগের মহিমায় দিতে হয়। তবে আমি ও আমার পরিবার আজীবন ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটিকে মনে রাখব।’

ডোনাল্ড ট্রাম্পকে নিজের বাড়িতে নিতে পেরে আনন্দ প্রকাশ করেন ক্রেতা রাজধানীর পুরান ঢাকার জিনজিরা এলাকার বাসিন্দা সামির।

তিনি বলেন, ‘৭০০ কেজি ওজনের মহিষটি ৫৫০ টাকা কেজি দরে বেশ কিছুদিন আগে ক্রয় করে খামারের তত্ত্বাবধানে রেখে গিয়েছিলাম। কোরবানির উদ্দেশ্যে কেনা মহিষটি বিশ্বজুড়ে এভাবে ভাইরাল হয়ে যাবে; তা আমি কল্পনাও করিনি। এখন মহিষটিকে দেখার জন্য আমার নিজ এলাকার লোকজন অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *