ঢাকা: রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর খোলা আকাশের নিচে শত শত মানুষ। জীবনের কষ্ট কাকে দেখাবে তারা?
ধ্বংসস্তূপে হাতড়ে বেড়াচ্ছে সব হারানো মানুষ। সেখানেই খুঁজে ফিরছে কিছু অবশিষ্ট আছে কিনা।
বাসিন্দারা অভিযোগ করছেন, এই ঘটনার পর এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাননি তারা। তারা বলছেন, হঠাৎ এই আগুনের কারণে ঈদের আগে নিঃস্ব হয়েছেন তারা। ছেলেমেয়েদের কী দেবেন? কী পরবেন?
সরকারের কাছে তাঁরা দাবি জানান, দ্রুত যেন তাদের পুনর্বাসন করা হয়।
এই বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার নাজমুল হাসান মনি (২৫) নামের এক যুবককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত এই আদেশ দেয়।
আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক মো. মিজানুর রহমান।
পুলিশের আবেদনে বলা হয়, গ্রেপ্তার আসামি মামলার এই ঘটনার সঙ্গে জড়িত আছেন, এই বিষয়ে প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে আসামিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।
জানা গিয়েছে, সোমবার বিকেলে পল্লবীর কালশী বস্তির এক দোকানের সামনে স্থানীয় যুবক নাজমুল হাসানের ঝগড়া হয়েছিলো।
নাজমুল অগ্নিকাণ্ডের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ বাসিন্দাদের। এরপরেই সন্ধ্যায় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরেই স্থানীয় বাসিন্দারা তাঁকে মারধর করে পুলিশে সোপর্দ করেন।
