ঢাকা: ১৪ বছর পর এভারেস্ট শিখরে বাংলাদেশি নারী অভিযাত্রী নুরুন্নাহার নিম্নি।দুর্গম পর্বতে রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান ঘটিয়ে আনন্দের বার্তাটি দিলেন বাংলাদেশি পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি।

আজ ২৭ মে ভোরটাই হয়েছে যেন নিম্নির জন্য । পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট–এর চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন তিনি। খবরটি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)।

আজ মঙ্গলবার (২৭ মে) ভোর ৫টা ২৪ মিনিটে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট—এর চূড়ায় পৌঁছান তিনি।

উল্লেখযোগ্য যে, প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাত মজুমদার। একই বছরের ২৬ মে শিখর জয় করেন ওয়াসফিয়া নাজরীন।

এরপর দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় উঠলেন নুরুন্নাহার নিম্নি।

গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালে যান নিম্নি। কাঠমান্ডু থেকে লুকলা হয়ে পৌঁছান এভারেস্ট বেজক্যাম্পে। এরপর ধাপে ধাপে তাঁর অগ্রগতি।

অতিউচ্চতার পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেন।

মে মাসের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যেই এভারেস্ট সামিটের উপযুক্ত সময় বলে ধরা হয়। ১৭ মে চূড়ান্ত আরোহণের জন্য বেজক্যাম্প ছাড়েন তিনি।

ধাপে ধাপে করে ২৩ মে পৌঁছান ক্যাম্প–৪-এ। তবে সেদিন শিখরের উদ্দেশ্যে যাত্রা করেও প্রতিকূল আবহাওয়া থাকার কারণে নিচে নেমে আসতে হয়।

২৫ মে আবহাওয়ার পূর্বাভাস অনুকূলে আসার পর ফের যাত্রা শুরু করেন। গতকাল পৌঁছান ক্যাম্প–৪-এ। সেখান থেকেই সন্ধ্যায় চূড়ান্ত আরোহণ শুরু করে আজ নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে এভারেস্টের শিখরে ওঠেন তিনি।

নুরুন্নাহার নিম্নি বর্তমানে পূবালী ব্যাংক পিএলসির জেনারেল ব্যাংকিং বিভাগে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। তাঁর এই গুরুত্বপূর্ণ অভিযানের স্পনসরও ছিল বটে প্রতিষ্ঠানটি।

তাঁকে দেখে অনুপ্রাণিত হবে আরো নারী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *