চট্টগ্রাম: চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙরে নোঙর করা তেলবাহী বাণিজ্যিক জাহাজ এমটি মেঘনা ট্রেডার্স-এর ইঞ্জিন রুমে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়।

এই আগুন প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

ঈদের দিন সকাল সাড়ে ৭টা নাগাদ চট্টগ্রাম বহির্নোঙর-এর পার্কি বিচ সংলগ্ন আউটার অ্যাংকরেজের চার্লি পয়েন্টে অবস্থানরত জাহাজটির ইঞ্জিন রুমে আচমকা আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কার্বন ডাই-অক্সাইড (CO₂) সিস্টেম সক্রিয় করা হয়। প্রাথমিকভাবে এটি আগুন ছড়িয়ে পড়া রোধ করতে সাহায্য করে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণের কাজ শুরু করে বন্দর কর্তৃপক্ষের টাগবোট কাণ্ডারি-৩ ও কাণ্ডারি-১১, বাংলাদেশ নৌবাহিনীর টাগবোট বিএনটি সেবক এবং কোস্ট গার্ডের টাগবোট প্রমত্ত।

বাংলাদেশ কোস্ট গার্ড-এর জাহাজ শ্যামল বাংলা এবং একাধিক অগ্নিনির্বাপণ দল আগুন নেভানোর কাজে যুক্ত হয়।

জানা গেছে, জাহাজটি ইন্দোনেশিয়া থেকে আরবিডি সয়াবিন তেল নিয়ে গত ২৬ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।

এরপর এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে চার্লি পয়েন্টে ছিলো।

তবে আগুনে কোনো হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি।

প্রাথমিকভাবে ইঞ্জিন রুমে যান্ত্রিক ত্রুটির‌ কারণে বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিষয়টি তদন্তের পর নিশ্চিত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *