ঢাকা: কোরবানির সময় তাদের অনেক তাড়াহুড়ো। তাই হাত পা ভেঙে, কেটে হাসপাতালে এখন আহতদের লাইন।
ঈদুল আজহায় কোরবানির পশু জবাই, মাংস কাটাকাটি ও প্রক্রিয়াজাত করতে গিয়ে বিভিন্ন এলাকায় অন্তত ৫৭৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাপ্ত তথ্যে এই চিত্র উঠে এসেছে।
আহতদের বেশিরভাগই ধারালো অস্ত্রের আঘাত ও পশুর লাথি-গুঁতোয় জখম হয়েছেন।
কারো পা ভাঙা, কারো হাত ভাঙা, কারো আঙুল টুকরো।
কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটি করতে গিয়ে আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১০০ জন, পঙ্গু হাসপাতালসহ রাজধানীর অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৩০ জন, ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২০০ জনের ওপর।
এছাড়া, মৌলভীবাজারে ৫০ জন ও জামালপুরের ইসলামপুরে ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালের জরুরি বিভাগের তথ্য অনুযায়ী, আহতদের বেশিরভাগের হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে কেটে গিয়ে রক্তাক্ত জখম হয়েছে। অনেকের হাতে-পায়ে একাধিক সেলাই দিতে হয়েছে।
