বগুড়া: বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেলেন দুই যুবক। প্রতিবছর ঈদের আগে পরে সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ে।
বগুড়ার শেরপুরে ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা (শাফলজানি) এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
যে দুইজন মারা গেছেন তাঁরা হলেন, শেরপুর পৌর শহরের উলিপুরপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে আবু রায়হান (১৮)। তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
অপর নিহত তামিম হোসেন (১৮) উপজেলার শেরুয়া বটতলা এলাকার ফুলতলা গ্রামের প্রবাসী নান্নু মিয়ার ছেলে। তিনি শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আহত ব্যক্তিরা হলেন-রাজন, সিয়াম, হাসান ও ছামির। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
