ঢাকা: ১৯৭১ সালের মার্চ মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠে ধ্বনিত বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করলো ভারত।
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ, শনিবার ৩০ মে’ সকাল ১১টা ৫ মিনিটে ঢাকার ভারতীয় হাইকমিশনের ভেরিভায়েড ফেসবুক পেজে ইংরেজি এবং বাংলায় দেয়া এক পোস্টে স্মরণ করা হয়।
বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় দেওয়া একটি পোস্টে এই শ্রদ্ধা ও স্মারকবার্তা প্রকাশ করা হয়।
ফেসবুক পোস্টে ভারতীয় হাইকমিশন উল্লেখ করে, “আজ বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর-উত্তমের স্মরণে সমবেত হয়েছে, তখন আমরা ১৯৭১ সালের মার্চ মাসে তাঁর কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি।
সেই ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।”
ঐতিহাসিক বন্ধন পুনর্ব্যক্ত করে পোস্টে আরও বলা হয়, ১৯৭১ সালের সেই গৌরবময় দিনগুলোর মতোই আজও ভারত বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।
মহান মুক্তিযুদ্ধের অভিন্ন আত্মত্যাগ এবং দুই দেশের জনগণের সামগ্রিক অগ্রগতি ও সমৃদ্ধির এই যৌথ যাত্রায় ভারত সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে।
উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে।
