ফরিদপুর: ভয়াবহ দুর্ঘটনার খবর সকাল সকলেই। ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের মধ্যে ঢুকে পড়ে বেপরোয়া গতির একটি প্রাইভেট কার। এতে পাঁচ আরোহী নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের মালিগ্রামে। একথা জানিয়েছেন শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান।
তিনি এই বিষয়ে বলেন, প্রাইভেট কারটি ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল। আর মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল।
কারটি অত্যন্ত দ্রুতগতিতে ছিলো। প্রাইভেট কারটি ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায় একেবারে। ভয়াবহ একটা ঘটনা ঘটে যায় চোখের পলকে।
এতে করে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাকিব নামে আরেকজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন—যশোরের ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), ছেলে আরিফ ইসলাম (২৪), একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়েশা বেগম (২৮), রাকিব (১৮) এবং তরুণ প্রাইভেটকার চালক।
আহতরা হলেন—আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)। তারা প্রত্যেকে প্রাইভেটকারের যাত্রী ছিলেন।
দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। তবে এখানে ট্রাকের কোনো দোষ আছে বলে মনে হয় না। মূলত বেপরোয়া গতি এর জন্য দায়ী।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করা হয়।
“দুর্ঘটনার পর প্রাইভেট কারের চালক ট্রাকের পেছনে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভেতরে আটকা পড়ে ছিলেন। পরে গাড়ির ক্ষতিগ্রস্ত অংশ কেটে তার মরদেহ উদ্ধার করা হয়।”
