ঢাকা: বাংলাদেশসহ বিদেশি নাগরিকদের জন্য ভিসার নিয়মে হঠাৎ বড়সড় পরিবর্তন এনেছে ভারত।
নতুন নিয়ম কী জেনে নিই আসুন:
নতুন নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি নাগরিক যদি ভারতে ১৮০ দিনের বেশি অর্থাৎ ৬ মাসের বেশি অবস্থান করতে চান, তবে তাঁকে ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই নিবন্ধন সম্পন্ন করতে হবে।
ভারতের কেন্দ্রীয় সরকার ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’ সংশোধন করে এই নতুন নিয়ম চালু করেছে।
তাহলে নিয়মটা কী পাল্টালো?
আগে ১৮০ দিন পূর্ণ হওয়ার পর নিবন্ধন করার সুযোগ ছিলো, তবে সেটা অতীতে থাকলেও, এখন সেই সুযোগ আর নেই। তার আগেই যা করার করতে হবে।
নতুন সংশোধনী অনুযায়ী, যেসব বিদেশি নাগরিক ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছেন, কিন্তু পরে সেখানে অবস্থানের সময় বাড়াতে চান, তাদের অবশ্যই ১৮০ দিন শেষ হওয়ার আগে যে কোনো সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করতে হবে। তাদেরকেও এই কাজ করতে হবে।
আগের নিয়ম অনুযায়ী, ভারতে পৌঁছানোর পর ১৮০ দিন পূর্ণ হওয়ার পর ১৪ দিনের মধ্যে নিবন্ধন করার আইনি বাধ্যবাধকতা ছিল। এখন এই সুবিধা আর পাবেন না বিদেশিরা।
নতুন নিয়মে এই সময়সীমা বাতিল করা হয়েছে। ১৮০ দিন পার হওয়ার আগেই নিবন্ধন করার নিয়ম করে দেওয়া হয়েছে।
নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর সাধারণ পরিস্থিতিতে আর রেজিস্ট্রেশনের অনুমতি দেওয়া হবে না। শুধু অত্যন্ত জরুরি পরিস্থিতিতেই (Emergent Circumstances) এতে ছাড় মিলতে পারে।
এছাড়া যেসব বিদেশির ভিসার মেয়াদ ১৮০ দিনের বেশি, কিন্তু শর্ত থাকে যে প্রতিবার সফরের সময় একটানা ১৮০ দিনের বেশি থাকা যাবে না—তাদের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে।
তবে এর পাশাপাশি কিছু ক্ষেত্রে নিয়ম সরল করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। ভারতে জন্ম নেওয়া বিদেশি শিশুদের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা কমানো হয়েছে৷
আগের নিয়ম অনুযায়ী, ভারতে কোনও বিদেশি দম্পতির সন্তান জন্ম নিলে ৩০ দিনের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক ছিল।
নতুন নিয়মে এই বিষয়ে জানানো হয়েছে, শিশুর বাবা বা মায়ের মধ্যে যে কোনও একজন যদি ভারতীয় নাগরিক হন এবং তিনি সন্তানের ভারতীয় নাগরিকত্ব রাখতে চান, তাহলে এই ৩০ দিনের বাধ্যতামূলক অনলাইন রেজিস্ট্রেশনের নিয়ম আর প্রযোজ্য হবে না।
