ঢাকা: বুধবার, ৩ জুন সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। আগুনের ঘটনায় সারা দেশ শোকস্তব্ধ রীতিমতো।

দক্ষিণ দিল্লির মালব্য নগর এলাকার একটি হোটেলে হঠাৎ করেই আগুন লেগে যাওয়ার ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।

দমকলের তৎপরতায় বড় উদ্ধারকার্য চালানো হলেও মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে।

বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ দমকলের কাছে আগুন লাগার খবর পৌঁছায়। দ্রুত ১০টিরও বেশি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়।

অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন হোটেলের আবাসিকরা।

আগুন ও কালোধোঁয়ার হাত থেকে বাঁচতে হোটেলের উপরের তলা থেকে মরিয়া হয়ে নিচে ঝাঁপ দেন দুই মহিলা। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়।

দমকলের এক আধিকারিক জানিয়েছেন, হোটেলের বেসমেন্ট থেকেও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় বহু মানুষ গুরুতর জখম হয়েছেন।

তাঁদের দ্রুত সাকেতের ম্যাক্স হাসপাতাল এবং এইমস (AIIMS) ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন মারা গেছেন। তাদের অনেকেই বিদেশি নাগরিক।

এক বিবৃতিতে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, আগুনের ঘটনায় আহতদের মধ্যে এখন পর্যন্ত ৫ বাংলাদেশিকে শনাক্ত করা গেছে।

তাদের মধ্যে ৩ জন ম্যাক্স হাসপাতালে ও অপর ২ জন সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন।

অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে হাইকমিশনের বিবৃতিতে শোকসন্তপ্ত সব পরিবারের প্রতি সমবেদনা ও আহত বাংলাদেশিদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা জিতেন্দ্র কুমার সাংবাদিকদের বলেন, ‘ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ পরিচালিত হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই রেস্তোরাঁ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।’

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সমাজমাধ্যমে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি লিখেছেন, ‘দিল্লির মালব্য নগরে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *