ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে সাপের কামড়ে মোছা. আরিফা ইসলাম নামে একজন মহিলার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুন) রাতে উপজেলার মশাখালি ইউনিয়নের বলদি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের স্বামী স্থানীয় প্রতিবন্ধী একাডেমির পরিচালক ও প্রতিষ্ঠাতা মো. খায়রুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে বলেন, ঘরের ফ্রিজ খুলে ডিম আনতে গেলে সাপে কামড়ে দেয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
এদিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়ও মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিষাক্ত সাপের কামড়ে হুমায়রা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বীর নাদাগাড়ী এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটে।
তবে এই শিশুটির সাথে যা হয়েছে তা মূর্খামি। কারণ আজকের দিনে এসেও কেউ কবিরাজের কাছে যায় না সাপে কামড় দিলে। অ্যান্টিভেনাম নিতেই হবে যত শীঘ্র সম্ভব। অথচ সেই সচেতনতা এখনো আসেনি জনমনে।
স্বজনরা প্রথমে শিশুটির পায়ে বাঁধন দিয়ে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান বলেন, “হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।”
