চট্টগ্রাম: মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামে মারা গেলেন দুই প্রবীণ সাংবাদিক।
বৃহস্পতিবার ( ৪ জুন ) রাত ১২টা ১০ মিনিটে সিনিয়র ফটোসাংবাদিক শিশির বড়ুয়া (৬৮) এবং শুক্রবার ( ৫ জুন ) ভোর ৫টা ৩০ মিনিটে প্রভাত বড়ুয়া (৬২) পরলোক গমন করেন।
পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটে পটিয়ার আশিয়া গ্রামের নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিশির বড়ুয়া।
আর শিশির বড়ুয়া মারা যাওয়ার কয়েক ঘণ্টা পর শুক্রবার ভোর সাড়ে ৫টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রভাত বড়ুয়া।
উল্লেখযোগ্য যে, দুজন সাংবাদিকই চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এবং চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সদস্য ছিলেন।
দুইজনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
সাংবাদিক শিশির বড়ুয়া ও প্রভাত বড়ুয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে, চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সদস্যরা।
প্রবীণ আলোকচিত্র সাংবাদিক শিশির বড়ুয়ার মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াতের বড় ছেলে অয়ন বড়ুয়া জানান, শুক্রবার (৫ জুন) বিকাল ৩টায় অনিত্য সভা শেষে স্থানীয় বৌদ্ধ শ্মশানে তাঁর দাহক্রিয়া সম্পন্ন হয়।
শিশির বড়ুয়া ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সাল থেকে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। দীর্ঘ কর্মজীবনে তিনি নয়াবাংলা, ডেইলি লাইফ, কমার্শিয়াল টাইমস, দৈনিক ঈশান, দৈনিক ইত্তেফাক, রয়টার্স (খণ্ডকালীন) এবং ফ্রিল্যান্স ফটোসাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি বিভিন্ন সময়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।
এবং ১৯৯১ সালে প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের দুর্লভ ছবি নিয়ে তিনি একাধিকবার প্রদর্শনী করেছেন।
