ঢাকা: ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ-২০২৬।
বাংলাদেশে ২০২৬ ফিফা বিশ্বকাপের সব ধরনের মিডিয়া রাইটস বা সম্প্রচার স্বত্ব সরাসরি ক্রয় করছে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় (ডিপিএম) এই স্বত্ব কেনা হচ্ছে। এতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ৭৩ কোটি টাকার মতো।
ফলে দেশের শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের দর্শকরাও বিটিভির পর্দায় বিশ্বকাপের সব রোমাঞ্চ উপভোগ করতে পারবেন।
রবিবার (৭ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অর্থ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়। আর এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটির নীতিগত অনুমোদন দেওয়া হয়।
সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৭তম সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ফিফা থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডাইরেক্ট প্রোকিউরমেন্ট) বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
এই দিনেই সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম সভায় এই সংক্রান্ত ক্রয় প্রস্তাবটিও অনুমোদন পায়।
সভায় জানানো হয়, ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ কিনতে মোট ব্যয় হবে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে সরাসরি এই স্বত্ব কেনা হবে।
