ঢাকা: পূর্বনোটিশ ছাড়াই চাকরিচ্যুতির অভিযোগে রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
এতে করে এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। শ্রমিকরাও প্রচণ্ড ভোগান্তিতে পড়েন।
তাদের চাকরি পুনর্বহালসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন।
দাবিগুলো:
১. ছাঁটাই করা ১৪৭ জন শ্রমিককে অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে।
২. আন্দোলন দমাতে পুলিশ প্রশাসন বা বহিরাগতদের দিয়ে শ্রমিকদের ওপর কোনো ধরনের মামলা, হামলা বা হয়রানি করা যাবে না।
৩. কারখানার পূর্ববর্তী স্বাভাবিক নিয়ম ও শৃঙ্খলা বজায় রেখে যেভাবে উৎপাদন কার্যক্রম চলছিল, ঠিক সেভাবেই কারখানা পরিচালনা করতে হবে।
৪. কারখানার অভ্যন্তরে শ্রমিকদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
৫. প্রত্যেক শ্রমিকের চাকরির আইনি ও স্থায়ী নিশ্চয়তা দিতে হবে।
আজ সোমবার দুপুরে চাকরিচ্যুতির প্রতিবাদে এই বিক্ষোভ করেন তারা। বিটিভি সেন্টারের সামনে ‘টেক্সাস ড্রেসেস লিমিটেড’ নামক পোশাক কারখানার কয়েক শ শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেন।
১৪৭ জন শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেন তাঁরা।
প্রতিবাদকারীরা বলেন, বছরের পর বছর হাড়ভাঙা খাটুনি খেটে এই কারখানা সচল রাখলেও আমাদের চাকরিচ্যুত করা হলো। আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এ সময় শ্রমিক ছাঁটাই চলবে না জানিয়ে কারখানা খুলে দেয়ার দাবি জানান তারা।
