চট্টগ্রাম: কানে হেডফোন লাগিয়ে আরামে যাচ্ছিলেন যুবক। ট্রেন যে চলে এসেছে খবরই নেই।
চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিজের ভুলে প্রাণটাই চলে গেলো ২০ বছরের মো. টিপুর।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নতুন বাজার এলাকার রেলপথে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত টিপু কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং এলাকার শাহজাহানের ছেলে। তিনি কয়েকদিন আগে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা যায়।
টিপু কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। হয়তো হর্ন দিয়েছিলো ট্রেনটি, তবে এ তো আর ট্রেনের দোষ নয়।
কানে হেডফোন লাগিয়ে চলাফেরা করতে বারণ করা হয়, সতর্কতা দেয়া হয় তারপরেও কিছু বেপরোয়া আছে যারা এইসব মানতে চায় না। ফলে যা হবার তাই হয়।
কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনটি এসে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া ট্রমা সেন্টারে নেওয়ার চেষ্টা করলে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
লোহাগড়া ট্রমা সেন্টারের চিকিৎসক ডা. সাইমুন সিরাজ বলেন, ট্রেন দুর্ঘটনায় আহত অবস্থায় এক যুবককে আনা হয়েছিল, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
