ঢাকা: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মহারণ শুরু হতে যাচ্ছে! ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান—বিশ্বের সেরা দলগুলোর লড়াইয়ে জমে উঠবে প্রতিটি মুহূর্ত।
মেক্সিকোর ঐতিহাসিক ‘এস্তাদিও আসতেকা’ স্টেডিয়ামে বসছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। পেলের ১৯৭০ আর ম্যারাডোনার ১৯৮৬-এর পর, এই প্রথম কোনো স্টেডিয়াম তিনটি ভিন্ন বিশ্বকাপের সাক্ষী হয়ে ইতিহাস গড়তে যাচ্ছে!
উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে মেক্সিকোর ঐতিহ্যবাহী লোকনৃত্য ও ‘মারিয়াচি’ সঙ্গীতের রঙিন কোরিওগ্রাফি। বিশ্বখ্যাত তারকাদের লাইভ মিউজিক কনসার্ট। আর তো থাকছেই ড্রোন শো, লেজার লাইট ও চোখ ধাঁধানো আতশবাজির মেলা।
চার বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচাইতে জাঁকজমকপূর্ণ আসর ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার দিবাগত রাতে।
এবার রেকর্ড ৪৮টি দল এতে অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো– তিনটি দেশের যৌথ আয়োজনে এটিই প্রথম বিশ্বকাপ।
আকার এবং আয়োজনের দিক থেকে এটি ইতিহাসের সবচেয়ে বৃহৎ বিশ্বকাপ আসর। বাংলাদেশে বিটিভি, টি–স্পোর্টস এবং সময় টিভি বিশ্বকাপের খেলা সম্প্রচার করবে।
প্রায় ছয় সপ্তাহব্যাপী বিশাল আয়োজনের পরিসমাপ্তি ঘটবে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৮২ হাজার ৫০০ আসনবিশিষ্ট মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মাধ্যমে।
ফিফা বড় আশাই করছে যে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসরের চিরন্তন আকর্ষণ টিকিটের আকাশছোঁয়া মূল্য নিয়ে ক্ষোভ, আমেরিকার রাজনৈতিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের ছায়াকে ছাপিয়ে যেতে পারবে।
তবে বাংলাদেশের উন্মাদনা অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে বিশ্বকাপ নিয়ে।
বাংলাদেশ বিশ্বকাপে নেই। কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে বিশ্বকাপের খেলা দেখার জন্য মুখিয়ে আছে পুরো দেশ।
