জাহাঙ্গীরনগর: এই দেশে নারীদের কোনোকালেই নিরাপত্তা নেই। যতোই সরকার পাল্টায়, আর যতোই নিশ্চয়তার কথা বলা হোক।
বাসে, ট্রেনে, পথে, ঘরে, হাসপাতালে, কবরে সবখানে কেবল ধর্ষণ। অশ্লীল কাজ। হায়রে সমাজ!
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ঢাকাগামী একটি বাসে এক নারী শিক্ষার্থীর অনুমতি ছাড়াই গোপনে ছবি তোলে এক ছাত্র। এই ঘটনার তার প্রতিবাদ করায় তাকে শারীরিক এবং মানসিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক ছাত্রের বিরুদ্ধে।
এই ঘটনায় অভিযুক্ত ঐ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।
এবং এর পাশাপাশি অপরাধের গুরুত্ব বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল, শনিবার (১৩ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকার বঙ্গবাজারগামী একটি দোতলা বাসে ঘটনাটি ঘটে।
অভিযুক্ত ছাত্রের নাম মো. হাসানুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী এবং নবাব সলিমুল্লাহ হলের আবাসিক ছাত্র।
আর যাকে লাঞ্ছিত করা হয়েছে সেই ভুক্তভোগী নারী শিক্ষার্থী একই বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।
লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী জানা যায়, বাসে ভুক্তভোগী শিক্ষার্থীর অজান্তে তার কয়েকটি ছবি তোলেন হাসানুর রহমান। বিষয়টি এক শিক্ষার্থীর নজরে এলে ভুক্তভোগী তার মোবাইল ফোন নিয়ে নেন।
তবে তিনি ছবি তোলার বিষয়টি অস্বীকার করেন। এবং ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তারপরেই শুরু করেন নারী শিক্ষার্থীর সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি।
ঐ নারী শিক্ষার্থী পড়ে গিয়ে আহত হন। অভিযুক্ত জোর করে মোবাইল ফোন নিয়ে বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় বাসে থাকা অন্য শিক্ষার্থীরা তাকে আটক করে ক্যাম্পাসে ফিরিয়ে আনেন এবং প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন।
ঐ ছাত্র নিজের দোষ স্বীকার করেন পরে।
