চট্টগ্রাম: দেশে এতো এতো খুন এবং শিশু ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করছে, যা দিন দিন বেড়েই চলছে। প্রতিদিন হত্যার ঘটনা ঘটছেই।
কিন্তু সরকার দলীয় এমপি মন্ত্রী সহ তাদের সকল সহযোগী সংগঠনের এক আশ্চর্য ধরনের নীরবতা দেখা যাচ্ছে । এইসব নিয়ে কেউ একটা কথা বলে না।
এমনকি কেউ প্রকাশ্যে প্রতিবাদ করা তো দূরের কথা কাউকে দুঃখ প্রকাশ করতেও দেখি না ।
তাঁদের সবার গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে দেশে কিছুই হচ্ছে না , দেশ স্বাভাবিক গতিতে চলছে।
এবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজের বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার করেছে পুলিশ।
ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৫ বছরের একটি শিশু চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
এলাকায় খবর জানাজানি হতেই শোকের ছায়া পড়েছে।
যারা মারা গিয়েছেন, তাঁরা স্থানীয় বৌদ্ধবিহার মন্দিরের পাশের বাড়ির সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তাঁর মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। তাদের ৫ বছরের ছেলে পিয়াস বড়ুয়াকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সুজন বড়ুয়া চট্টগ্রামের খাতুনগঞ্জে আবাসিক এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করেন।
প্রতিবেশী সুরভী বড়ুয়া (৪০) জানান, চিৎকার শুনে তারা বাইরে বেরিয়ে এসে ঘরের দরজায় এনি বড়ুয়া ও তার ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন আর ঘরের ভেতরে মেয়ের মরদেহ পাওয়া যায়।
দ্রুত তাঁদের হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে এনি বড়ুয়া মারা যান। এরপরেই পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনার সময় সুজন বড়ুয়া শহরে ছিলেন। তিনি দাবি করেন, প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল। আর বিরোধ থেকেই হামলার ঘটনা ঘটতে পারে।
ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
