ঢাকা: ভারতের ভিসা আবেদন প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।

আজ, সোমবার (১৫ জুন) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসেই অনলাইনে প্রকাশ করা হবে।

নতুন নিয়মে ওয়েবফাইল আপলোডের সময় নির্ধারণ এবং মেডিকেল ভিসার ক্ষেত্রে আরও কঠোর শর্ত যুক্ত করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আবেদনকারীরা সাইন আপ এবং ওয়েবফাইল আপলোড করতে পারবেন।

নির্ধারিত সময়ের মধ্যে যারা সফলভাবে ফাইল আপলোড করবেন, শুধুমাত্র তাদের জন্যই বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ উন্মুক্ত করা হবে।

আইভ্যাক জানায়, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের আসল পিডিএফ হতে হবে এবং সেটি কোনোভাবেই ৩০ দিনের বেশি পুরোনো হলে গ্রহণযোগ্য হবে না।

আর একই সঙ্গে কোনো ধরনের এডিট করা, পরিবর্তিত বা বিকৃত ফাইল পাওয়া গেলে তা সঙ্গে সঙ্গে বাতিল হিসেবে গণ্য করা হবে।

এদিকে, মেডিকেল ভিসার ক্ষেত্রে আরও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আইভ্যাকের বিজ্ঞপ্তিতে বলা হয়, মেডিকেল ভিসায় আবেদনকারীদের অবশ্যই সেই নির্ধারিত হাসপাতালেই চিকিৎসা নিতে হবে, যেটি ভিসা আবেদনে উল্লেখ ছিল এবং যার ভিত্তিতে ভিসা ইস্যু করা হয়েছে।

হাসপাতাল পরিবর্তনের দরকার হলে ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) আগেই অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে।

অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তনকে ভিসা নীতিমালার গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে এবং ভবিষ্যতে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *