হবিগঞ্জ: গ্রামে গ্রামে মাঝেমধ্যে এমন লাঠালাঠি লাগে যে মৃত্যু পর্যন্ত গড়িয়ে যায় ঘটনা।
এবার ঘটনা হবিগঞ্জের। বাহুবল উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে দুজন মারা গিয়েছেন।
সোমবার সন্ধ্যায় দুই দফায় সংঘর্ষ হয়।ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার আদিত্যপুর গ্রামের সেলু মিয়া (৫৩) ও হেলাল মিয়া (৩৭)।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, দুই গ্রামের মধ্যে চলাচলের রাস্তা নিয়ে আদিত্যপুর গ্রামের মোসাহিদ মেম্বার এবং আরিচাপুর গ্রামের নাসির ও আক্তারের মধ্যে অনেকদিন ধরেই বিরোধ চলছিল।
বিরোধকে কেন্দ্র করেই সোমবার দুপুর ১টার দিকে দুই গ্রামেরই ২০০ থেকে ২৫০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র, টেঁটা, রামদা, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে মারামারি শুরু করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আবারো তারা মারামারি শুরু করে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনা ঘটে। একপর্যায়ে সেলু মিয়া ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তাঁকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাত ১১টার দিকে গুরুতর আহত হেলাল মিয়াকে ওই হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে বলে জানা যায়।
