রংপুর: থুথু ফেলা নিয়ে কথা কাটাকাটি। এক কথায় দুই কথায় তর্কাতর্কিতে শেষ পর্যন্ত হত্যাকাণ্ডই ঘটে গেলো।
রংপুরে কর্মচারী মো. শাওনকে (২৫) পিটিয়ে হত্যা করেছে দোকানের মালিক।
মঙ্গলবার (১৬ জুন) রাত ৯টায় নগরীর খামার মোড় এলাকায় এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে।
এই সময় উত্তেজিত জনতা অভিযুক্ত মিজানুর রহমান মনুকে (৩০) আটক করে পুলিশে দিয়ে দেয়।
ঘটনারদিন রাতে শাওন দোকান থেকে বের হলে পেছন থেকে দোকান মালিক আমির হোসেনের ছেলে মনু হাতুড়ি দিয়ে শাওনকে আঘাত করতে থাকে। আঘাতে গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে শাওন।
এই সময় স্থানীয়রা মনুকে আটক করে ফেলে। এদিকে শাওনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে নেয়ার পথেই শাওনের মৃত্যু হয়।
উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনু জানিয়েছে দোকানের থালা-বাসন ধোয়ার জায়গায় শাওন নাকি থু থু ফেলতো।
বারবার বারণ করার পরও এই কাজ করে যাচ্ছিলো শাওন। এ নিয়েই তর্কবিতর্ক হয়।
ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
