ঢাকা: বাংলাদেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার গুরুতর অসুস্থ। চারদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
পরিবারের সদস্যরা শিল্পীর শারীরিক অবস্থা নিয়ে খুবই উদ্বিগ্ন।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় এই গুণী শিল্পীকে।
মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুন মুস্তাফা মনোয়ারকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর চিকিৎসকেরা তাকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেন।
মেরী মনোয়ার আরো বলেন, ‘তাঁর প্রেশার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। অবস্থা দেখে চিকিৎসকেরা আইসিইউতে ভর্তি রাখার পরামর্শ দেন। গত চারদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।’
বর্তমানে নিউমোনিয়ার ব্যাকটেরিয়া তাঁকে বেশি ভোগাচ্ছে।
উল্লেখ্য, দেশে সংস্কৃতি বিকাশে অনন্য অবদান রেখেছেন মুস্তাফা মনোয়ার। কর্মজীবনের শুরুটা আর্ট কলেজে শিক্ষকতা দিয়ে হয়। পরে হয়ে ওঠেন দেশে পাপেট শোয়ের পথিকৃৎ।
গ্রামবাংলার পুতুলনাচের ঐতিহ্য টিভি পর্দায় নিয়ে আসেন তিনি।
উল্লেখযোগ্য যে, সংস্কৃতি অঙ্গনে অসামান্য অবদানের জন্য শিল্পী মনোয়ার ২০০৪ সালে একুশে পদক এবং ২০১৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে ‘সুলতান স্বর্ণপদক’ লাভ করেন।
