ঢাকা: কবি আল মুজাহিদী প্রয়াত হয়েছেন। বাংলাদেশের কবিতাঙ্গনে এক পরিচিত নাম মুজাহিদী।
একুশে পদকপ্রাপ্ত কবি তিনি। শুক্রবার (১৯ জুন) দুপুর ১.৪০ মিনিটে তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
জানা যায়, আল মুজাহিদী দীর্ঘদিন থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী পলিন পারভীন, ছেলে শাবিব আল মুজাহিদী, মেয়ে মারিয়ামা জাবীন আল মুজাহিদী, নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আল মুজাহিদীর মেয়ে মারিয়ামা বলেন, তাঁর বাবা প্রায় দুই বছর থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। তাঁর হার্টে দুবার রিং পরানো হয়েছিল।
গত বছর জুলাই মাসে চিকুনগুনিয়ায় আক্রান্ত হন তিনি। এমনকি কিডনিতেও সমস্যা হয়।
গত ২৩ এপ্রিল তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে ২৬ মে হাসপাতাল থেকে উত্তরার ১০ সেক্টরের নিজের বাসভবনে আনা হয়।
পরে আবার অসুস্থ হয়ে পড়েন। ৪ জুন তাঁকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।
