টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে ছাগল তুলতে পরিত্যক্ত টয়লেটের কূপে নেমে মর্মান্তিকভাবে বাবা-ছেলেসহ চার জন মারা গেছেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকিরজলই এলাকায় এই ঘটনাটি ঘটে।

মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

যারা মারা গিয়েছেন তাঁরা হলেন—জলই গ্রামের বাবুল হাদিমা (৩৫), তার ছেলে নেইমার ম্রং (১২), একই এলাকার গ্যাব্রিয়েল নকরেক (৪৫) এবং প্রতিবেশী রতন নকরেক (২৫)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিত্যক্ত ওই কূপে একটি ছাগলের বাচ্চা পড়ে গিয়েছিলো আচমকা। সেটি উদ্ধার করতে প্রথমে কূপে নামে নেইমার।

তিনি অনেক সময় হয়ে গেলেও উঠে না আসায় বাবা বাবুল হাদিমা কূপে নামেন। পরবর্তীতে তাদের দুইজনের কোনো সাড়াশব্দ না পেয়ে এলাকার জামাতা গ্যাব্রিয়েল এবং প্রতিবেশী রতন কূপে নামেন।

কিন্তু তাঁদের চারজনের কেউ উঠে আসে না। ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে কূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *