রাঙ্গামাটি: দেশটা ভরেছে লাশে। এখন নদীতে, খালেবিলে মাছের বদলে লাশ পাওয়া যায়, দেহহীন মুণ্ড পাওয়া যায়।
এবং দায় এড়ানোর জন্য, ঘটনার ভার কমানোর জন্য, দোষীকে রেহাই দেয়ার জন্য লাশকে মানসিক ভারসাম্যহীন বানিয়ে দেয়া হয়।
এবার রাঙ্গামাটি শহরের রিজার্ভ মুখ এলাকার সমাজসেবা কার্যালয়ের পাশের কাপ্তাই হ্রদ থেকে উদ্ধার হয়েছে নিখোঁজ এক নারীর মরদেহ। উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
বলা হয় সেই নারী নাকি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তা মানসিক ভারসাম্যহীন হলেই কী তাঁকে হত্যা করতে হবে? এই ভার কে দিয়েছে?
রবিবার (২১ জুন) সকালে স্থানীয়দের দেয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা হয়। নিহত নারীর নাম মুক্ত বড়ুয়া (২৮)।
তিনি রাঙ্গামাটি শহরের বিজিবি রোড এলাকার বাসিন্দা এবং তার স্বামীর নাম অভিজিৎ বড়ুয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এলাকার শিশু আবদুল্লাহ হ্রদের পানিতে লুঙ্গি পরিহিত অবস্থায় উপুড় হয়ে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. গিয়াস উদ্দিন বলেন, ‘খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, নিহত মুক্ত বড়ুয়ার স্বামী এর আগে তার নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।
প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। রবিবার সকালে রিজার্ভ মুখ এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
