ঢাকা: বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ আর নেই। একজন মেধাবী মানুষ চলে গেলেন।
অসুস্থ ছিলেন তিনি অনেকদিন ধরেই। ক্যান্সার ছিলো তাঁর।
তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। রবিবার ব্যাংককের একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) মহাসচিব এস এম আবুল কালাম আজাদ।
সংবাদ মাধ্যমে তিনি বলেন, “সেলিমা আহমাদ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
আবুল কালাম আজাদ জানান, তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। সোমবার অথবা মঙ্গলবার মরদেহ ঢাকায় পৌঁছাতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।
সেলিমা আহমাদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন।
উল্লেখযোগ্য যে, দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের পরিচিত মুখ ছিলেন সেলিমা আহমাদ। তিনি বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি কুমিল্লা-২ আসন থেকে নির্বাচিত হন।
