চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এনসিটি টার্মিনালের ৪র্থ বার্থে থাকা একটি রাবার টায়ার গ্যান্টি (আরটিজি) ক্রেনে আজ, সোমবার দুপুর আড়াইটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
তাৎক্ষণিকভাবে এই অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তবে বেলা সাড়ে তিনটায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তাপে চারটি কনটেইনার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন গণমাধ্যমে বলেন, “এনসিটিতে থাকা একটি রাবার টায়ার গ্যান্টি ক্রেনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন লাগার পরপরই বন্দরের নিজস্ব ফায়ার ফাইটাররা গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। দুপুর আড়াইটার দিকে আগুন লাগার পর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি”।
তিনি বলেন, “কি কারণে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে সেটি এখনও জানা যায়নি। বিস্তারিত জেনে এ বিষয়ে পরবর্তীতে জানাতে পারব”।
