ঢাকা: প্রতিদিন হামে তিন/চারজন করে মারা যাচ্ছে। তারপরেও সরকার পক্ষ থেকে কোনো বার্তা পাওয়া যায় না। একদম নীরব সবাই। যেন কিছুই হয়নি।
দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে এক দিনে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। হামে আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৯ জন।
আজ, বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে হাম বিষয়ে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৯ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯১৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে মোট ৯৫ হাজার ৭৬০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ১১ হাজার ৩৯০ জনের হাম নিশ্চিত হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৭৯ হাজার ৬৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৫ হাজার ৮৮২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
