চট্টগ্রাম: ডেঙ্গু আবার মাথা চাড়া দিয়েছে। চট্টগ্রামের ১/৪ ভাগ বাড়িতেই এডিসের লার্ভা! পরিস্থিতি আশঙ্কাজনক!
চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক রূপ নিয়েছে। এডিস মশার লার্ভার ঘনত্ব এখন স্বাভাবিক ঝুঁকিসীমার চেয়ে ৩ গুণ বেশি!
নির্মাণাধীন ভবন, জমে থাকা টব বা পাত্রের পানি, লিফটের পিট এবং ময়লা-আবর্জনার স্তূপগুলো হচ্ছে লার্ভার প্রধান উৎস।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আটটি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ বা ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ।
নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, স্বাস্থ্য বিভাগের চার সদস্যের বিশেষজ্ঞ কারিগরি দল গত ৮ জুন থেকে ২০ জুন পর্যন্ত ১১ দিনব্যাপী নগরীর ১৮টি ওয়ার্ডে জরিপ পরিচালনা করে।
এ সময় ৩৭০টি বাড়ি পরিদর্শন করা হয়। জরিপে দেখা যায়, ৩৭০টি বাড়ির মধ্যে ৯৯টিতে এবং পরীক্ষা করা ৩৪৫টি পানির পাত্রের মধ্যে ১১৪টিতে এডিস মশার লার্ভা রয়েছে।
শনাক্ত হওয়া লার্ভার ৭০ থেকে ৮০ শতাংশই ডেঙ্গুর প্রধান বাহক এডিস ইজিপ্টাই প্রজাতির। যা ভয়াবহ।
তথ্য বিশ্লেষণ করে উত্তর কাট্টলী (ওয়ার্ড-১০), পাঁচলাইশ (ওয়ার্ড-৩), জালালাবাদ (ওয়ার্ড-২), পশ্চিম বাকলিয়া (ওয়ার্ড-১৭), দক্ষিণ বাকলিয়া (ওয়ার্ড-১৯), দক্ষিণ হালিশহর (ওয়ার্ড-৩৯), পাথরঘাটা (ওয়ার্ড-৩৪) এবং আন্দরকিল্লা (ওয়ার্ড-৩২) ওয়ার্ডকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আপনার এলাকা কি এই তালিকায় আছে? না থাকলেও অবহেলা করবেন না। এখনই সচেতন না হলে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আজই আপনার ঘর এবং চারপাশ পরিষ্কার করুন, সমস্ত জমা পানি ফেলে দিন।
