ঢাকা: সমাজকে বদলাতে মাদক ও জুয়ার বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ানোর সময়।
যেখানেই মাদক, যেখানেই জুয়া —
সেখানেই গড়ে তুলতে হবে শক্ত প্রতিবাদ।
নেশাগ্রস্ত একজন মানুষ শুধু একটি পরিবারের ক্ষতি করে না, সে ধীরে ধীরে সমাজ ও জাতির জন্যও বড় অভিশাপ হয়ে দাঁড়ায়।
অনলাইন জুয়া ও অফলাইন জুয়ার কারণে সমাজে বাড়ছে চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানান অপরাধ।
তবে শুধু প্রতিবাদেই কাজ হয় না। সরকার, প্রশাসন, আইন যদি শক্ত না হয় তাহলে কোনো বিপদ থেকে রেহাই নেই।
জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসে তিনি এই কথা জানান।
তিনি বলেন, আগামী দু-একদিনের মধ্যে মাদক প্রতিরোধ আইন সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক যুগে পুরাতন আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, দরকার নতুন আইন করা। কেবল আইন করে নয়, আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধই সর্বোচ্চ উপায়।
দেশকে উন্নয়নের দিকে নিতে তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নারী, শিশু-কিশোরসহ নানা শ্রেণি-পেশার মানুষ এখন মাদকের সঙ্গে জড়িত। তিনি মাদক নির্মূলে প্রশাসনকে আরও শক্ত অবস্থানে থাকার আহ্বান জানান।
তিনি বলেন, আমলী আদালতের পাশাপাশি প্রয়োজনমতো মাদক মামলার বিষয়ে ট্রাইব্যুনাল গঠন করা হবে। আইনের পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা তৈরি করতে হবে না। তাহলে মাদকের বিরুদ্ধে লড়াই সহজ হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে ৮২ লাখ মানুষ মাদক গ্রহণ করে, যা মোট জনসংখ্যার ৪. ৮৮ শতাংশ। এখানে জিরো টলারেন্স বাস্তবায়নে সরকার কাজ করছে।
