চট্টগ্রাম: চট্টগ্রামে মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজন মারা গিয়েছেন।

আজ, শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং দুপুরে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটিপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নগরীর ধনিয়ালাপাড়ায় নিহত দুজন হচ্ছেন সাকিব (২৫) ও হৃদয় (২৪)।

জানা গিয়েছে, তাঁদের বাড়ি নোয়াখালী জেলায়।

অন্যদিকে, রাউজানে যারা নিহত হয়েছেন তাঁরা হলেন রাউজান উপজেলার কচুখাইন এলাকার প্রদীপ দাশ ও পাশের বোয়ালখালী উপজেলার কদুরখিল এলাকার সমীরণ দাশ।

ঘটনা সম্পর্কে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানিয়েছেন, শুক্রবার সকালে ধনিয়ালাপাড়া এলাকার একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ওই দুই যুবক ভেতরে নেমেছিলেন।

কিন্তু ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তারা মারা যান।

অনেক সময় হয়ে গেছে, তাঁদের আর কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

আর প্রদীপ দাশেরও এভাবে সেপটিক ট্যাংকে নেমে মৃত্যু হয়। তাঁকে উদ্ধার করতে সমীরণ দাশ নিচে নামলে তিনিও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে মারা যান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *