ঢাকা: দেশে ডেঙ্গু এবার ভয়াবহ রূপ নিতে পারে। আষাঢ় মাস পড়ে গিয়েছে, অর্থাৎ ইতিমধ্যে বর্ষা মৌসুম শুরু। এবং আবারো দেশে ডেঙ্গু জ্বর মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে।
বাড়তে শুরু করেছে রাজধানীসহ বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী।
দেখা যাচ্ছে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা মে মাসের শেষ দিক থেকে বাড়তে শুরু করেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের, ডেঙ্গু নিয়ন্ত্রণে এখনই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে চলতি মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে।
পরিসংখ্যান বলছে, দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন ডেঙ্গুরোগী।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯২৪ জনে।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে , গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন আছেন।
