কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চলের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
পাহাড়ি ঢল এবং অতিরিক্ত বৃষ্টির কারণে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় ফসলি জমি তলিয়ে গেছে এবং গ্রামীণ রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বন্যা হলে ক্ষতি ছাড়া তো লাভ হয় না। এই বন্যাতেও তাই হচ্ছে।
কুড়িগ্রামের পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে ব্রহ্মপুত্র ও ধরলার পানিও।
পানি বাড়তে থাকায় জেলার নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
নদ-নদীর পানি বাড়ায় কোথাও কোথাও ভাঙ্গনও হচ্ছে। বসতভিটা হারিয়েছেন অনেকে।
পানিতে তলিয়ে গেছে সবজি ক্ষেত।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, উজান থেকে নেমে ভারি বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।
এর মধ্যে দুধকুমার নদের পানি ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। পানি বৃদ্ধির ফলে জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আগামী ৩ থেকে ৪ দিন পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
