খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাছ ধরার জালে ধরা পড়েছে প্রায় ৮ ফুট লম্বা বার্মিজ প্রজাতির একটি অজগর। ৮ ফুট মানে অনেকটাই লম্বা এবং মোটা ছিলো।
স্থানীয়দের তাৎক্ষণিক সহযোগিতা এবং পরিবেশকর্মীদের উদ্যোগে উদ্ধার হওয়া অজগর সাপটি পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে দীঘিনালা উপজেলার মেরুং রেঞ্জের উপ বন কর্মকর্তার কাছে অজগর সাপটি হস্তান্তর করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স-এর সংগঠক হৃদয় বড়ুয়া স্থানীয়দের সহযোগিতায় অজগরটি নিরাপদে উদ্ধার করেন।
মেরুং রেঞ্জের উপ-বনরক্ষক কর্মকর্তা মো. জাফরুল্লাহ জানান, উদ্ধার হওয়া বার্মিজ অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন ৭ কেজি ৮০০ গ্রাম। বর্তমানে এটি বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে।
জানা গিয়েছে, উপজেলার পূর্ব হাচিনসনপুর এলাকার জমির পানি নামার একটি নালায় স্থানীয় একজনের মাছ ধরার জালে হঠাৎ আটকা পড়ে অজগর সাপটি।
অজগর জালে পড়েছে শুনে উৎসুক আশপাশের মানুষের ভীড় জমে যায়। সবাই দেখতে চলে আসে। তারা সাপটিকে পিটিয়ে না মেরে রক্ষা করে বন বিভাগকে খবর দেয়।
বন বিভাগ জানিয়েছে, প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে অজগরটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
