ঢাকা: এই বছরের তথা ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এবং সমমানের পরীক্ষা আগামিকাল বৃহস্পতিবার অর্থাৎ ২ জুলাই ২০২৬ শুরু হচ্ছে।
পরীক্ষা শেষ হবে আগামি ৮ আগস্ট ২০২৬। একমাসের বেশি পরীক্ষার সময়। ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১৫ আগস্টের মধ্যে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত পরীক্ষা বিরতিহীনভাবে চলবে। এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
নির্ধারিত দিনে সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর ১টা পর্যন্ত।
সকাল ১০টার পরীক্ষা ক্ষেত্রে সাড়ে ৯টায় উত্তরপত্র ও ওএমআর শিট দেওয়া হবে। ১০টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র এবং সাড়ে ১০টায় সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হবে। (২৫ নম্বরের এমসিকিউ হলে ১০টা ২৫ মিনিটে ওএমআর সংগ্রহ করা হবে।)
দ্বিতীয় শিফটে পরীক্ষা চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ২টার পরীক্ষার জন্য দুপুর দেড়টায় উত্তরপত্র ও ওএমআর শিট দিয়ে দেওয়া হবে।
২টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র এবং আড়াইটায় সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হবে। (২৫ নম্বরের এমসিকিউ হলে ২টা ২৫ মিনিটে ওএমআর সংগ্রহ করা হবে।)
যারা পরীক্ষার্থী তাদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। এগুলোর মধ্যে আছে—
১. পরীক্ষা শুরুর আধঘন্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩. ৩০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।
৪. প্রশ্নপত্রে উল্লেখ করা সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
৫. পরীক্ষার্থীরা তাঁদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে অন্তত সাত দিন আগে সংগ্রহ করবেন।
৬. প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তাঁদের পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে লিখে বৃত্ত ভরাট করবেন। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে।
আরো যেমন, পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া আর অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না।
